আগামীকাল বৃহস্পতিবার বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের সড়কে না যেতে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ মহাসম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এ অনুরোধ জানানো হয়।
তিনি বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এ উপলক্ষে মহাসম্মেলন স্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজধানী ট্র্যাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ থাকবে এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
তিনি আরো জানান, এ মহাসম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ২৫টি সড়কের অভিমুখে ব্যারিকেড দিয়ে ডাইভারশন দেয়া হচ্ছে। নগরবাসীকে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি