ধর্ষককে বিয়ে করায় সমস্যা নেই: মালয়েশীয় এমপি

মালয়েশিয়ার এক এমপি ও সাবেক শরিয়া বিচারক দাতুক শাবুদ্দিন ইয়াহায়া বলেছেন, ধর্ষণের শিকার হওয়া শিশু ধর্ষককে বিয়ে করতে পারে। তিনি বলেন, ধর্ষিতাকে ‘বিবর্ণ ভবিষ্যৎ’ থেকে বাঁচাতে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বুধবার মালয়েশিয়ার সংসদে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ওপর আনা একটি বিল নিয়ে বিতর্ককালে তিনি এ মন্তব্য করেন। 
 
দাতুক শাবুদ্দিন বলেন, ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ। এর শাস্তি হোক সেটা অবশ্যই সবাই চায়। তারপরও ধর্ষিতার জীবনের কথা ভেবে উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে এ সামাজিক সমস্যার সমাধান করতে পারে। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই এই কলুষিত অধ্যায়কে মুছে ফেলা সম্ভব। 
 
স্থানীয় দৈনিক দ্য স্টারে তার মন্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, এর মাধ্যমে হয়তো তারা এক উন্নত জীবনে যেতে পারে। হয়তো ধর্ষিতা একজন স্বামীকে পাবেন,সংসার পাবেন। তিনি বলেন, অবশ্য এ ক্ষেত্রে ওই সব শিশুকে (১২) শারীরিক ও  মানসিকভাবে প্রস্তুত হতে হবে। 
 
তবে বিষয়টির কড়া প্রতিবাদ করেছেন ভয়েস অব চিলড্রেন সংস্থার প্রধান শর্মিলা শেকরান। তিনি বলেন, এ ধরনের একটি অন্যায়কে বিয়ের মাধ্যমে কোনভাবেই বৈধতা দেওয়া যায় না। তিনি বলেন, কীভাবে এ ধরনের মন্তব্য করলেন তা দেখে সত্যিই আমি হতবাক। গার্ডিয়ান ও বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির