নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ‘গোল মেশিন’ জ্লাতান ইব্রাহিমোভিচ। মঙ্গলবার নিজেদের মাঠেই অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে গোল করে এভারটনের কাছে হারের লজ্জা থেকে দলকে রক্ষা করেন এই সুইডিশ তারকা। এটি ছিল লীগে তার ২৭তম গোল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এর ফলে প্রিমিয়ার লীগে টানা ২০ ম্যাচে অপরাজিত থাকল হোসে মরিনহোর দলটি। ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিক দল। ২২তম মিনিটে ফিল জাগিয়েলকা গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। তবে ভাগ্যের সহায়তা নিয়ে এ যাত্রায় পরাজয়ের হাত থেকে রক্ষা পায় ইউনাইটেড। ম্যাচের ইনজুরি টাইমে এ্যাশলে উইলিয়ামসের হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান পিএসজি ছেড়ে আসা ইব্রাহিমোভিচ (১-১)। এই ফলও হোসে মরিনহোর শিষ্যদের জন্য মোটেও প্রেরণাদায়ক নয়। কারণ এই নিয়ে লীগের ৯টি হোম ম্যাচে ড্র করতে হল ইউনাইটেডকে। ফলে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে এখনো চার পয়েন্টে পিছিয়ে রয়েছে ৫৪ পয়েন্ট সংগ্রহকারী রেড ডেভিলসরা।
খেলা শেষে ইউনাইটেড কোচ বলেন,‘ ফুটবলের দৃষ্টিকোণ কোন থেকে এটিকে আমাদের জন্য ভাল পারফর্মেন্স বলা যায়না। তবে খেলোয়াড়দের এই এই অর্জনে আমি সন্তুষ্ট।’ এর আগে গত শনিবার নিজেদের মাঠে ওয়েস্ট ব্রুমউইচের সঙ্গেও গোলশুন্য ড্র করেছিল ইউনাইটেড।
মরিনোহো আরো বলেন, ‘২০ ম্যাচে অপরাজিত থাকাটাও দারুণ একটি ব্যাপার। তবে নিজেদের মাঠে ড্র করার সংখ্যাটা একটু বেশীই হয়ে গেছে। এখানে আমরা বেশি সংখ্যক প্রতিপক্ষ দলকে হারাতে পারিনি। দিন শেষে সেটা আমাদের জন্য কাল হয়ে উঠতে পারে।’
দিনের আরেক ম্যাচে ক্রেইগ সেক্সপিয়ারের অধীনে সাফল্য ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সান্ডারল্যান্ডকে তারা ২-০ গোলে পরাজিত করেছে। ক্লদিও রানিয়েরিকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর ক্লাবটি এই নিয়ে ছয় ম্যাচে জয়লাভ করল। এদিন অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের অপর দুই ম্যাচে ম্যাচে বার্নলি ১-০ গোলে স্টোক সিটিকে এবং ওয়াটফোর্ড ২-০ গোলে ওয়েস্টব্রুমউইচকে পরাজিত করে। বাসস।
ইত্তেফাক/রেজা