মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩৯। এর আগে ২০১৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২। এই সূচকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও নেপাল থেকে উপরে অবস্থান করছে বাংলাদেশ। 
 
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের (এইচডিআরও) পরিচালক ড. সেলিম জাহান।
 
এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং এসডিজি মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য ড. শামসুল আলম। 
 
প্রতিবেদন অনুযায়ী মানব উন্নয়ন সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জর্মানি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় ভারত রয়েছে ১১৩তম, পাকিস্তান ১৪৭তম, নেপাল ১৪৪তম, ভূটান১৩২তম, শ্রীলংকা ৭৩তম অবস্থানে। 
 
প্রতিবেদন উপস্থাপনকালে ড. সেলিম জাহান বলেন, দক্ষিণ এশিয়ায় ১৯৯০ থেকে ২০১৫ পর্যন্ত মানব উন্নয়ন সূচকে দ্বিগুণ উন্নতি হয়েছে। খুব কম দেশই এটি অর্জন করতে পেরেছে। তিনি বলেন, বাংলাদেশের মতো সমান আয় করে এমন ১৪টি দেশের তুলনায় বাংলাদেশের অর্জন তুলনামূলক ভালো। বাংলাদেশের গড় আয়ু ৭২ বছর ছাড়িয়েছে। যা ভারত ও পাকিস্তানে ৬৬ বছর। ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার বাংলাদেশে হাজারে ৩৮ এ নেমে এসেছে যা ভারতে ৪৫ এবং পাকিস্তানে ৮১। লিঙ্গ সমতার ক্ষেত্রে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ। এর থেকে মূল বার্তা হলো যে, তুলনামূলক মাথাপিছু কম আয় করেও বাংলাদেশ মানব উন্নয়নে অনেক এগিয়েছে। তবে শুধু উন্নয়নই নয়, এর বিপরীত চিত্রও রয়েছে। কিন্তু এদেশের মানুষের সরকারের দৃঢ় সংকল্প রয়েছে। আমি মনে করি এই অর্জন খাটো করে দেখার নয়। শেষ কথা হলো, মানব উন্নয়ন এখন আর স্বপ্ন নয় এটি বাস্তব। তবে সম্ভাবনাগুলো খুঁজে বের করতে হবে।
 
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা অনেক এগিয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত। উন্নত বিশ্ব এ জন্য দায়ী। পৃথিবীর মাত্র ৫টি দেশ বিশ্বের ৫৫ ভাগ কার্বন নির্গমণের জন্য দায়ী। এরা হলো- যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়া। উন্নত বিশ্ব যদি জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় এগিয়ে না আসে তা হলে এর প্রভাব হবে ভয়াবহ।