সাত বছরের ধারাবাহিকতায় পদাতিক নাট্য সংসদের নাট্যোত্সবের অষ্টম আসরের পর্দা উঠল গতকাল। শুরু হয়েছিল ২০১০ সালে। সংগঠনের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিনকে সামনে রেখে তার স্মৃতির উদ্দেশে নাট্যোত্সবের আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ। একই সঙ্গে বিশিষ্টজনদের প্রদান করা হচ্ছে স্মারক সম্মাননা।
গতকাল বুধবার ‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’- এ স্লোগান নিয়ে এ নাট্যোত্সবের উদ্বোধন করেন বিগত বছরগুলোতে স্মারক সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এ উত্সব। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় প্রদান করা হবে এবারের স্মারক সম্মাননা। এবার সম্মাননা পাচ্ছেন এসএম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম।
বর্ষণমুখর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উত্সব উদ্বোধন করে রামেন্দু মজুমদার, কেরামত মাওলা, মামুনুর রশীদ, ড. এনামুল হক ও ম. হামিদ। ঢাকের বাদ্যির তালে তালে পদাতিকের নাট্যকর্মীদের সমবেত কণ্ঠে ‘মঙ্গল দীপ জ্বেলে/অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু’ গানটির সুরেসুরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ উত্সবের উদ্বোধন হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে পদাতিকের দলপ্রধান সৈয়দ তাসনিম হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ‘কার্টেন কল’ এর দলপ্রধান তীর্থংকর চট্টোপাধ্যায়। উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে সাংস্কৃতিক আয়োজনে দলীয় আবৃত্তি করে স্রোত আবৃত্তি সংসদ। মাইম পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন। দলীয় সংগীত ও পথনাটক পরিবেশন করে পদাতিক নাট্য সংসদের সদস্যরা।
উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় দুইটি নাটক। একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে প্রাচ্যনাট পরিবেশন করে ‘কইন্যা’ ও পরীক্ষণ থিয়েটার হলে বটতলা পরিবেশন করে ‘ক্রাচের কর্নেল’। উত্সবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ভারতের নাট্যদল কার্টেন কল পরিবেশন করবে ‘পড়শি বসত করে’ ও পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ ‘গহনযাত্রা’।
উত্সবে ঢাকার ৮টি, ঢাকার বাইরের একটি ও ভারতের একটি নাট্যদল অংশ নিচ্ছে। প্রতিদিনের নাট্য প্রদর্শনীর আগে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের সম্মুখভাগের উন্মুক্ত প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক পর্বে অংশ নেবে। এই পর্ব সবার জন্য উন্মুক্ত।
ইত্তেফাক/নূহু