নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মন্নারায় মাদক নির্মূল ও সন্ত্রাস দমন কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসী, বাজার ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদক নির্মূল ও সন্ত্রাস দমন কমিটির আহ্বায়ক খন্দকার আবুল বশর, বাজার ব্যবসায়ী আলী আক্কাছ খন্দকার, নুরুর রহমান মিয়াজী, খ ম জিল্লুর রহমান, দুলাল মিয়া, জামাল হোসেন মেম্বার, গাজী শাহাদাত হোসেন মেম্বার, জয়নাল আবেদীন ভূঁইয়া, আবদুল্লাহ আল নোমান, হেদায়েত উল্লাহ প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, এলাকার একটি মহল দীর্ঘদিন ধরে মন্নারাসহ কয়েকটি এলাকায় মদ,গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে করছে। মাদকে ছোবলে কোমলমতি শিশুরা আক্রান্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে। এসব অপরাধীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। মাদক ও সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে অনেককে সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়েছে। গত ২৩ মার্চ মন্নারা বাজারে মাদকবিরোধী মিছিল করে বাড়ি ফেরার পথে খন্দকার আবুল বশর বাবুলসহ অন্তত ৮ জনকে কুপিয়ে আহত করে অবৈধ মাদক ব্যবসায়ীরা। বক্তারা এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/নূহু