সুন্দরবনে যৌথবাহিনীর সঙ্গে দস্যুদের গুলি বিনিময়

 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উলোখালি খালে যৌথবাহিনীর সঙ্গে বনদস্যু জেনাব বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
 
এ সময় ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে।
 
সুন্দরবনের রায়নগর পুলিশ ফাঁড়ির এস আই মন্টু কুমার দাশ জানান, সুন্দরবনে উলোখালি খালে বনদস্যু জোনাব বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেনাব বাহিনী তাদের উপর গুলি করে। এসময় যৌথবাহিনী পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। সেখান থেকে দুটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি আরো জানান।