আশুগঞ্জে ‘ব্যতিক্রমী’ ভূমি সেবা সপ্তাহ পালন

আশুগঞ্জে প্রথাগত র‌্যালি, আলোচনা সভার পরিবর্তে অধিকতর সেবা ও পরামর্শ প্রদানের মাধ্যমে পালিত হল ভূমি সেবা সপ্তাহ (এপ্রিল ১-৭)। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ইকবালের উদ্যোগে এক সপ্তাহে ৭৪টি নামজারি শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে যেখানে পুরো মার্চ মাসে নামজারি নিষ্পত্তি হয় ৯০টি। 
 
শুধু তাই নয় ভূমি বিষয়ক পরামর্শ দেয়া হয় ৩২০ জনকে। সেবা সপ্তাহের ৫ কর্মদিবসে প্রায় দেড় লক্ষ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। সেবা সপ্তাহের কর্মদিবসে ভূমি সেবা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে উপজেলার প্রতিদিন একটি করে ভূমি অফিসে সেবা ও পরামর্শ দিয়েছেন তিনি।
 
সোমবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন, মঙ্গলবার সদর ইউনিয়ন, বুধবার আড়াইসিধা ও বৃহস্পতিবার লালপুর (তারুয়া) ইউনিয়ন ভূমি অফিসে সারাদিনব্যাপী ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান করেন সহকারী কমিশনার আশরাফুল আলম।
 
IMG0
 
ভূমি সেবা সপ্তাহে প্রথাগত র‌্যালি বা আলোচনা সভার পরিবর্তে সেবা ও পরামর্শ দেয়াটাই যুক্তিযুক্ত বলে মনে করেন সহকারী কমিশনার আশরাফুল আলম। তিনি বলেন, ভূমি সেবা বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতার ঘাটতি রয়েছে। মানুষকে এই বিষয়ে সচেতন করার জন্য র‌্যালি বা আলোচনাসভার চেয়ে এমন কর্মসূচীই বেশি কার্যকর বলে মনে করি। 
 
ইত্তেফাক/সাব্বির