মালিক শাহরুখের থেকে জয়ের মন্ত্রণা পেল প্রস্তুত কেকেআর

আইপিএল এর ইতিহাসে অন্যতম সফল ফ্রঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্স ( কেকেআর)। দেখতে দেখতে আইপিএল এর কেটে গিয়েছে দশ বছর ।
 
দশ বছরে বদলে গিয়েছে অনেক কিছু। দীর্ঘ চলায় টুর্নামেন্টকে পেরোতে হয়েছে বহু ঘাত-প্রতিঘাত। বদল আনা হয়েছে টুর্নামেন্ট ফরম্যাটের। বিভিন্ন সময় বিদেশের মাটিতেও আয়োজিত হয়েছে আইপিএল ম্যাচ। নানা সময় উড়ে এসেছে বিতর্কের মেঘ। টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে শাহরুখের দলেও প্রচুর বদল হয়েছে। শাহরুখকেও যেতে হয়েছে কাঁটাবিছানো পথ ধরে।
 
দশম আসরে অতীতের ন্যায় এবারো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম কেকেআর। আর মাঠে নামার আগেই কেকেআর টিম পেয়ে গেল মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানের থেকে জয়ের মন্ত্রণা।
 
এই দশ বছরে নাইট রাইডার্সের সাজঘরেও ব্যাপক বদল এসেছে। বাংলার যুবরাজ খ্যাত সৌরভ গাঙ্গুলীর হাতেই প্রথমে মালিক শাহরুখ বেঁধে দিয়েছিলেন অধিনায়কের আর্ম ব্যান্ড।  নাইট শিবিরে শাখাপ্রশাখা বিস্তার করে ‘একাধিক নেতৃত্ব’ থিওরি। সৌরভের হাত থেকে নেতৃত্বের ব্যাটন এসে পৌঁছয় গৌতম গম্ভীরের হাতে। গম্ভীরের নেতৃত্বেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এ বারও শক্তিশালী নাইটদের নিয়েই দল তৈরি করা হয়েছে। একটা সময় মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই প্রবেশাধিকার ছিল না কিং খানের। অনেক প্লেয়ারকে চলে যেতে হয়েছে, কেকেআর এর অনেক কিছুই বদলেছে। 
 
ঠিক কতটা বদলেছে কেকেআর? একটি ভিডিওয় সেটাই তুলে ধরেছেন কেকেআর মালিক স্বয়ং শাহরুখ খান।
 
 
কেকেআর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওতে দিলওয়ালেকে বলতে শোনা গিয়েছে, ‘দশ বছরে কত কিছুই তো বদলে যায়। জায়গা বদলায়। অধিনায়ক বদলায়। ভাগ্য বদলায়। পরিবেশ বদলায়। একটা জিনিস আজও বদলায়নি। তা হল আপনাদের আত্মবিশ্বাস। আসুন, আমরা আরও এক বার সবাই মিলে শুরু করি। সেই আত্মবিশ্বাসকে সম্বল করে প্রতিটি মুহূর্ত আবার বাঁচতে শুরু করি। দশ কী দাহার, আমি কেকেআর।’ 
 
আগামিকাল শুক্রবার গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এ বারের আইপিএল মিশন শুরু করবে কেকেআর শিবির।
 
ইত্তেফাক/রেজা