এলিফ্যান্ট রোডে গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধ

রাজধানীর এলিফ্যান্ট রোডে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে গার্মেন্টস শ্রমিকরা।
 
গার্মেন্টস সরিয়ে নেয়ার প্রতিবাদ ও বেতন ভাতার দাবিতে দুপুর দেড়টার থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত  শ্রমিকরা বিক্ষোভ করে। ‘ফ্যাশন নেটওয়ার্ক’নামের তৈরি পোশাক কারাখানার শ্রমিকদের অবরোধের কারণে ব্যস্ত সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।  
 
নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, পোশাক কারখানার মালিকপক্ষ গাজীপুরে আরেকটি কারাখানা করেছে। শ্রমিকদের না জানিয়ে তারা এলিফ্যান্ট রোডের কারখানাটি বন্ধ করে দিয়েছে। শ্রমিকেরা সড়ক অবরোধ করে চার মাসের অগ্রিম বেতন দাবি করছেন। তবে মালিকপক্ষ দেড় মাসের বেশি বেতন দিতে রাজী হচ্ছিল না। পরে শ্রমিকদের বুঝিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। শ্রমিকরা রাস্তা থেকে সরে বিজিএমএ গেছে। সেখানে মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি মিমাংসা হবে।
 
নাসিমা নামে এক শ্রমিক বলেন, কারাখানা সরিয়ে নেওয়ার কথা গত বছর রমজান মাসে তারা জানতে পারেন। তবে মালিকপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর প্রতিবাদে কোরবানির ঈদের পর গত সেপ্টেম্বর মাসে শ্রমিকেরা একদিনের কর্মবিরতি পালন করেন। এ সময় এলিফ্যান্ট রোড ও গাজীপুরে দুটি কারখানাই চালু রাখার আশ্বাস দেয় মালিকপক্ষ। কিন্তু ধীরে ধীরে এলিফ্যান্ট রোডের কারখানা থেকে মালামাল-যন্ত্রপাতি সরিয়ে নিতে থাকে। চার মাসের বেতনও বাকি। তাই বাধ্য হয়ে তারা রাস্তা নামেন।
 
 
ইত্তেফাক/ইউবি