মেহেরপুরের গোপালপুর রামনগরে জোড়া খুনের মামলায় ৯জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন। ২০০৮ সালের ২৮ অক্টোবর রাতে গোপালপুর টেঙ্গারমাঠে গোপালপুর গ্রামের হালিমা খাতুনকে গণধর্ষণ এবং তার সঙ্গীয় লোকমানকে গলাকেটে হত্যা করেছিল একদল ডাকাত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের বাসারুল ওরফে বিসু ও মহিদুল ইসলাম, রামনগর গ্রামের সাহেব আলী, মোহন আলী, দিঘলকান্দি গ্রামের শহিদুল ওরফে কানা শহিদুল, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীতাইল গ্রামের এনামুল ওরফে এনা, আজিত হোসেন ও আব্দুল মান্নান এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের নাজির হোসেন।
মামলায় অপর দুই আসামি শীতাইল গ্রামের জাপান ও রামনগর গ্রামের চাঁদ আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডিতদের মধ্যে শুধুমাত্র শহিদুল ইসলাম আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কাজী শহিদুল হক। তবে উচ্চদালতে আপিল করার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মিয়াজান আলী।