খালিয়াজুরীতে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি বাড়ছেই

 
নেত্রকোনার খালিয়াজুরীতে একের পর এক বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ বাড়ছেই।
 
খালিয়াজুরী কৃষি অফিস সূত্র জানিয়েছে, ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ইতিপূর্বে উপজেলায় ৩১টি বাঁধ ভেঙে প্রায় ৪০টি হাওড় প্লাবিত হওয়ার পর বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার চাকুয়া ইউনিয়নের চৌতারা ও খালিয়াজুরী সদর ইউনিয়নের বেঙ্গেঁর কাড়া বাঁধ ভেঙে চৌতারার হাওড় ও বল্লীর হাওড়সহ অন্তত আরো দশটি হাওড় তলিয়ে গেছে। এখন খালিয়াজুরী গোরস্থানের বাঁধ, বেরীখালির বাঁধ, পাইয়ার বাঁধ, ছায়ার বাঁধসহ এমন উল্লেখযোগ্য আরো ১০টি বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
 
খালিযাজুরীতে আবাদকৃত ২০হাজার একশ' ৭০হেক্টর বোরো ফসলের মাঝে ইতিমধ্যে শতকরা ৭০ভাগ ফসল প্লাবিত হয়েছে। জমিতে ফ্লাওয়ারিং ও মিল্কিং স্টেজ থাকায় তলিয়ে যাওয়া ফসল খুব দ্রুত বিনষ্ট হয়ে যাবে। একারণে কৃষকদের মাঝে চরম হতাশা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। বর্তমান বাজার দরে এপর্যন্ত খালিয়াজুরীতে প্রায় দেড়শ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন খালিয়াজুরীর ফসল রক্ষা বাঁধ ও ক্ষতিগ্রস্ত হাওড় পরিদর্শন করে বলেন, 'এখানে তলিয়ে গেছে প্রায় ৯০ ভাগ ফসল। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এখানকার ফসল রক্ষা বাঁধ মেরামত কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করেছে বলে খুব সহজেই বাঁধ ভেঙে ফসল তলিয়েছে।'