ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে কোমলমতি শিশুরা। আজ বৃহস্পতিবার দুপুরে মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার শিশু শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। এরপর ২০১৫ সালের ২৫ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন আনুষ্ঠানিকভাবে মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এরপর থেকে বিদ্যালয়টি তালা লাগানো অবস্থায় রয়েছে। নেই কোন শিক্ষার্থী-শিক্ষক, হচ্ছে না লেখাপড়া। বিদ্যালয়টিতে ভবন থাকার পরও শ্রেণি পাঠ না থাকায় স্থানীয় ৫টি গ্রামের শিশু শিক্ষার্থীদের কষ্ট করে ও ঝুঁকি নিয়ে দূরগ্রামের বিদ্যালয়গুলোতে গিয়ে লেখাপড়া করতে হচ্ছে। এ কারণে অনেক শিশু বিদ্যালয়মুখি না হয়ে ঝরে পড়ছে।
মানুষের অধিকার নিয়ে কাজ করা স্থানীয় শ্যামল বাংলা ডিএস ক্লাব নামে একটি সংগঠন আজ বৃহস্পতিবার এলাকার শিশু ও জনগণকে নিয়ে ‘স্কুলের তালা খুলে দাও, লেখাপড়া করতে দাও’ প্রতিপাদ্যে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
সংগঠনটি সভাপতি আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, অনেক এলাকা আছে যেখানে ভবনের অভাবে শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়। আর এখানে একটি সুদৃশ্য আধুনিক ভবন থাকার পরও এলাকার ৫ থেকে ৬ শতাধিক শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন বলেন, স্থানীয় একটি পক্ষ শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতে মামলা করায় বিদ্যালয়টি বন্ধ রয়েছে।
জানতে চাইলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন দৈনিক ইত্তেফাককে বলেন, শিশুদের শিক্ষার অধিকার বঞ্চিত করে এলাকার একটি মহল আদালতে মামলা করেছে। বিদ্যালয়টিতে ক্লাস শুরু করার জন্যে আমি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে যাচ্ছি।
ইত্তেফাক/নূহু