আবারো নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত গ্রামের একটি আম বাগান থেকে বিরল প্রজাতির ভারতীয় নীলগাই (গরু) উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে নীলগাইটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ভারত থেকে বাংলাদেশের কালুপাড়া সীমান্ত পার হয়ে নীলগাইটি পত্নীতলা উপজেলার কানুপাড়া গ্রামের একটি আম বাগানে চলে আসে। ভোরে স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে খবর দেয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইউপি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আমবাগান থেকে নীলগাইটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। খবরটি ছড়িয়ে পড়লে সেখানে ধীরে ধীরে উত্সুক জনতার ভিড় বাড়তে থাকে নীলগাইটি দেখার জন্য।
জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজিবি-১৪ (পত্নীতলার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, নীলগাইটি স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে। এটি বিজিবি হেফাজতে নেওয়ার পরে কাস্টমস অথবা বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।