বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টা মামলা করায় অবরুদ্ধ বাদীর পরিবার

বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা করায় আসামি পক্ষের হুমকিতে অবরুদ্ধ জীবন-যাপন করছেন এক গৃহবধূ ও তার স্বামী। নিরাপত্তাহীনতার কারণে এলজিইডির গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার প্রকল্পে কর্মরত ঐ নারী গত ১৯ দিন ধরে কাজে যেতে পারছেন না।

জানা যায়, গত ১৩ মার্চ ওই গৃহবধূ উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে রাস্তায় মাটি কাটতে যান। সেখানে তিনি মোহন সরকারের বাড়িতে রাখা ঢাকি-কোদাল আনতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মোহন তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় মোহন ও তার সহযোগীসহ তিনজনের নামে মামলা করলে মোহনের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে স্বামীসহ তাকে দেখামাত্র মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে অভিযুক্ত মোহন সরকার বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর কেউ হুমকিও দেয়নি। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, আদালতের নথি থানায় পৌঁছলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।