পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পূর্ব জয়ধরভাঙ্গা এলাকায় নাজিমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার ৬ মাসের শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করেছে। এসময় স্ত্রী রশিদা খাতুন (২৮), বড় মেয়ে নাজিরা বেগম (১০) মেজ মেয়ে রিয়া মনিকে (৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পর পরই ঘাতক নাজিমুল ইসলামসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। গুরুতর আহতদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে বলে চিকিত্সকরা জানান। খবর পেয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পঞ্চগড় থানার ওসি আবু আককাছ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী নাজিমুল ইসলামের (পাথর শ্রমিক) সঙ্গে স্ত্রী রশিদা খাতুনের প্রায়শই ঝগড়া বিবাদের ঘটনা ঘটত। গতকাল সকালে স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদ শুরু হলে নাজিমুল স্ত্রী রশিদা বেগম, কন্যা নাজিরা বেগম ও রিয়া মনিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া ছোট মেয়ে রত্নাকে মাটিতে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় তাদের চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে নাজিমুল পালিয়ে যায়।