রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের (৫৫) নামের এক সাবেক মেম্বারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে ওই ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাপাতালে ভর্তি করেন।
আহত আবু তাহের ও তার স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির আবুল হোসেন, বরকত উল্যা ও তার ছেলে জহির তাহেরের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার বাম হাত ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার অবস্থা আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় যোগাযোগ করা হলে অভিযুক্ত জহির বলেন, ‘আমাদের জমিতে আমরা কাজ করছি। আবু তাহের বাধা দিতে আসলে আমার বাবার সঙ্গে তার মারামারি হয়। আমি ঘটনাস্থলে ছিলাম না।’
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/কাউছার