সান্ডারল্যান্ডের বিপক্ষে রোববারের এ্যাওয়ে ম্যাচেও খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েইন রুনি। ফলে তাকে বাদ দিয়েই মূল একাদশ সাজাতে হচ্ছে কোচ হোসে মরিনহোকে।
গোঁড়ালির ইনজুরির কারনে ইংলিশ অধিনায়ক মঙ্গলবার সাবেক ক্লাব এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতেও খেলতে পারেননি। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ায় এ্যাশলে ইয়ংও মাঠের বাইরে চলে গেছেন। এদিকে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন হুয়ান মাতা, ক্রিস স্মলিং ও ফিল জোনস। রোববারের ম্যাচটির মাধ্যমে ইউনাইটেডের সামনে সুযোগ এসেছে শীর্ষ চারে নিজেদের ফিরিয়ে নিয়ে আসার। রুনির না খেলার বিষয়টি সংবাদ সম্মেলনে মরিনহো সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এছাড়া ইয়ংয়ের না খেলার বিষয়টিও তিনি জানিয়েছেন।
বর্তমানে প্রিমিয়ার লীগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে সান্ডারল্যান্ড। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে চার পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। মেইল অনলাইন / বাসস।
ইত্তেফাক/রেজা