সিংগাইর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের সময় অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার্থীদের কাছ থেকে ১শ’ টাকা করে এই অর্থ আদায় করা হয় বলে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে জানা গেছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় এ বছর সিংগাইর সরকারি ডিগ্রি কলেজের ১০৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ফরম পূরণের সময় বোর্ডের নির্ধারিত সকল ফি পরিশোধ করেন পরীক্ষার্থীরা। এরপরও প্রবেশপত্র বিতরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ১শ’ টাকা করে আদায় করছে প্রতিষ্ঠানটি যার কোনো রিসিটও দেওয়া হয়নি। এভাবে কলেজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন।
প্রবেশপত্র নিতে আসা ইমরান হোসেন, রাকিব হাসান, মিতুসহ কয়েকজন বলে, আমরা ফরম পূরণের সময় যাবতীয় ফি পরিশোধ করেছি। এখন প্রবেশপত্র নেওয়ার ক্ষেত্রে ১শ’ টাকা করে দিতে হচ্ছে। যারা টাকা নিয়ে আসেনি তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি। তাই টাকা নিয়ে পুনরায় তাদের কলেজে আসতে হয়েছে প্রবেশপত্র নেওয়ার জন্য। এই টাকার কোনো রিসিট আমাদের দেওয়া হয়নি।
টাকা নেওয়ার কথা স্বীকার করে সিংগাইর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন সাংবাদিকদের জানান, এ টাকাটা নেওয়া হয়েছে আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য। এতে বোর্ডের অনুমতি আছে। না জেনে আপনারা কোনো কমেন্ট করবেন না। অন্য কলেজগুলো নেয় ৫শ’ টাকা। সেখানে আমরা নিয়েছি ১শ’ টাকা মাত্র। এ ছাড়া ফরম পূরণের সময় ৭০ শতাংশ টাকা নেতারা যে নিয়ে যায় সেটাতো আপনারা লেখেন না। তবে কলেজেরই এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বললেন, আইসিটি ব্যবহারিকের টাকা ফরম ফিলাপের সময়ই নেওয়া হয়েছিল। তাহলে এখন কেন রিসিট ছাড়া টাকা আদায় হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এটা তো অবৈধ।