রোহিঙ্গাদের ঠেঙ্গাচরে পুনর্বাসন করা হবে : ত্রাণমন্ত্রী

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন,  উখিয়া-টেকনাফসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা বৈধ-অবৈধ রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে পুর্নবাসন করা হবে।
 
শনিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ও রোহিঙ্গা বস্তি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে কূটনীতিক তৎপরতার মাধ্যমে সমঝোতা না করা পর্যন্ত রোহিঙ্গারা ঠেঙ্গারচরে অবস্থান করবে।
 
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে নাগরিকত্ব সনদ গ্রহণ করেছে ওই সব রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের সনদ বাতিলের পাশাপাশি ওইসব রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যেসব জনপ্রতিনিধি রোহিঙ্গাদের নাগরিকত্ব পেতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করা হবে।
 
 
ইত্তেফাক/ইউবি