রামেকের ছাত্রশিবির নিয়ন্ত্রিত হোস্টেল বন্ধ ঘোষণা

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্রশিবির নিয়ন্ত্রিত হিসেবে পরিচিত ‘কাজী নুরুন্নবী হোস্টেল’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 
শনিবার দুপুর আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলরের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
 
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, দুপুরে একাডেমি কাউন্সিলের বৈঠক বসে। কলেজের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নুরুন্নবী হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হোস্টেল ত্যাগের সিদ্ধান্ত হয়। একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর আড়াটার দিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ছাত্রদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেয়। তবে অন্য হোস্টেলগুলো খোলা থাকবে বলে জানান উপাধ্যক্ষ।
 
খোঁজ নিয়ে জানা গেছে, রামেকের ওই হোস্টেলটিতে শুধু ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান করতে পারতেন। এর বাইরে ওই হোস্টেলে থাকেন ১২ জন বিদেশি শিক্ষার্থী। ছাত্রশিবিরের নেতাকর্মীরা হোস্টেলটি ‘শহীদ কাজী নূর-উন-নবীর পরিবর্তে ‘মেইন’ শব্দটি ব্যবহার করতেন। এছাড়া হোস্টেলটি শিবিরের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে বিবেচনা করা হতো। অভিযোগ রয়েছে, মহানগরীর ছাত্রশিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠকও হতো এখানে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রাবাস থেকে পুলিশ ছাত্রশিবিরের লিফলেট, বই ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপর ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/ইউবি