র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমদ বলেছেন, দেশে কোনোভাবেই জঙ্গিরা শিকড় গাড়তে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। পহেলা বৈশাখে সারাদেশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।
শনিবার বিকালে সিলেটের আতিয়া মহল পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি জঙ্গি আন্তানা আতিয়া মহল থেকে নয়টি বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ভবন থেকে বিস্ফোরক বানানোর সরঞ্জাম ও বেশ কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।
শনিবার বিকেলে আতিয়া মহলে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ক্লিয়ারিং অপারেশন পরিদর্শন শেষে র্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব প্রধান বেনজির আহমদ বলেন, গত ২৮ মার্চ সেনাবাহিনী পরিচালিত অপারেশন ‘টোয়াইলাইট’ শেষ হওয়ার পরও ভবনটিতে প্রচুর বিস্ফোরক থাকার সম্ভাবনা থাকায় গত ৩ এপ্রিল থেকে এ অভিযান শুরু করে র্যাব। পাঁচ দিনে পাঁচতলা ভবনের দুটি ফ্লোর ছাড়া তিনটি ফ্লোর পরিষ্কার করা হয়েছে। এখনো ভবনটিতে বেশকিছু ধ্বংসস্তূপ থাকায় সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। পুরো ভবন পরিষ্কার করতে আরো সময় লাগবে।