মহেশখালীতে অগ্নিকাণ্ডে বাড়ি ও ধানের গুদাম ক্ষতিগ্রস্ত

মহেশখালীতে আগুনে বসতবাড়িসহ ধানের গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামে। ফায়ার সার্ভিসের মহেশখালী ইনচার্জ ধীমান বড়ুয়া জানান, ৮ এপ্রিল রাত ১.১৫ মিনিটের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবুল কালামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়লে বাড়ির মালামাল ছাড়াও বাড়ির সাথে যুক্ত ২টি ধানের গুদাম আগুনে পুড়ে যায়। আগুনের সংবাদ পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জাগিরা ঘোনা গ্রামে ৮ কক্ষ বিশিষ্ট এ বাড়িটি ছিল মাটির তৈরি সর্ববৃহত বাড়ি যেখানে যৌথভাবে ৫টি পরিবারের অন্তত ২৮ জন সদস্য বসবাস করত।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ধীমান বড়ুয়া জানায়, বাড়িটিতে লবণ মাঠের পলিথিন, পাম্পমেশিন, টিভি-ফ্রিজ, আসবাবপত্র ,নগদ ৩ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণ, স্কুল-মাদরাসায় পড়ুয়া পরীক্ষার্থীর প্রবেশপত্র, মার্কশিট পুড়ে গিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন— বড় মহেশখালী জাগিরা ঘোনা গ্রামের মৃত সাহেব মিয়ার পুত্র আবুল কালাম, মনজুর আলম, জাফর আলম, আবু ছৈয়দ ও ফরিদুল আলম।

ইত্তেফাক/নূহু