হাতিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

 
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙ্গা বাজারের ব্যবসায়ী ও চরচেঙ্গা বাজার কমিটির সেক্রেটারি হাজী রুহুল আমিন কোম্পানিকে (৬৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৮ টার দিকে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
 
আহত রুহুল আমিন কোম্পানির ছেলে নূরনবী বলেন, স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকা সদু, নিজাম, বাতেন, খলিল, হাবিব, আমিরসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের আঘাতে আমার বাবা রুহুল আমিন কোম্পানির হাত, পা, মাথা, মুখ, পিঠসহ সমস্ত শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে রাস্তা ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 
এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
   
এদিকে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমার লোকজন করেনি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী যোবায়ের এর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।  
 
ইত্তেফাক/কাউছার