খুলনায় অস্ত্র উদ্ধারের সময় গোলাগুলিতে টুন্ডা শামীম (২৮) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার ভোরে নগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রা টেক্সটাইল মিলের মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী টুন্ডা শামীমকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী টুন্ডা শামীম গুলিবিদ্ধ এবং এসআই পল্লব ও সঞ্জিব আহত হন।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা এবং সন্ত্রাসী টুন্ডা শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে।
ইত্তেফাক/কাউছার