প্রতিরক্ষা চুক্তি জনগণ প্রত্যাখ্যান করেছে: বিএনপি

 
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে নতজানু হয়ে প্রতিরক্ষা বিষয়ক সমঝোতার যে গোলামির স্বাক্ষর করেছেন বাংলাদেশের জনগণ সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত "৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই দেশ বিরোধী কোন চুক্তি মানি না" শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
 
প্রতিরক্ষা বিষয়ক চুক্তি প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, এই চুক্তিতে দেশের সম্মতি নেই। জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। আমরা আমাদের প্রতিরক্ষা নিজেদের মতো সুন্দর করে সাজাবো। ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভিতরে ঢুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই চুক্তিটি করতে বাধ্য করেছে। গতকালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
 
তিনি আরও বলেন, ‘ভারতকে মনে রাখতে হবে- তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এটি বাংলাদেশের নয়, এটি জনসমর্থনহীন একটি রাজনৈতিক দলের চুক্তি।’