সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ‘ক্ষমার অযোগ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই হামলা এটা নির্দেশ করে যে উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত সঠিক ছিল।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে কথিত রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরে শুক্রবার ভূমধ্যসাগরে অবস্থিত যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আক্রমণ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি ক্ষমার অযোগ্য আগ্রাসন। আমরা এর তীব্র নিন্দা করি। আজকের বাস্তবতা এটাই প্রমাণ করে যে শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে অবস্থানের জন্য আমাদের সামরিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত ছিল সঠিক সিদ্ধান্ত।
কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন উ. কোরিয়ার অন্যতম মিত্র সিরিয়া। কেসিএনএ জানিয়েছে, উ. কোরিয়া নেতা কিম জং উন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মধ্যে উষ্ণ অভিবাদন আদান প্রদান হয়েছে। দুই নেতা পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির