জগন্নাথ ও নজরুলের শিক্ষার্থীদের সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কবি নজরুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র ও বাইরে রাখা প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল, সিসি টিভি ক্যামেরা, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও কম্পিউটার ভাঙচুর করা হয়। এ সময় কলেজে এইচএসসি পরীক্ষা চলছিল বলে জানা যায়।

এদিকে ঘটনার বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের গাড়ি অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মিছিল দিতে থাকে। এক পর্যায়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কলেজ অধ্যক্ষের গাড়ি ছেড়ে দেওয়া হয়। অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ক্যাম্পাসের সিকিউরিটি নিয়ে চিন্তিত। ঘটনার সময় ২০ গজ দূরেই পুলিশ বসে ছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছি। থানায় অভিযোগ করেছি। পরবর্তীতে শিক্ষা সচিব ও জবি উপাচার্যের সঙ্গে বসে পদক্ষেপ নেব।

সূত্রাপুর থানার ওসি আশরাফুল উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই আমরা সেখানে গিয়েছি। কলেজ কর্তৃপক্ষ থেকে সিসিটিভির ফুটেজ নেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।