তেজগাঁওয়ের বাউলবস্তি থেকে একজনের লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বস্তি থেকে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কামাল নরসিংদীর রায়পুরার কাতারকান্দি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে তেজগাঁও এলাকার বাউলবস্তিতে থাকতেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে বাউলবস্তি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কামালের চাচাতো ভাই ইমরানের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বাবলুর রহমান জানান, রবিবার রাতে ঝড়ের পর বস্তির কাওসার, রাজীব ও ফারুক ঘরের টিনের চাল ঠিক করার জন্য কামালের ঘরের উপরে ওঠে। এ সময় কামাল তাদের বাধা দিলে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায় তারা বাঁশ দিয়ে কামালের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে পড়েন কামাল। পরে আহত অবস্থায় বাসাতেই তার মৃত্যু হয়। গতকাল তার লাশ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কামালের স্ত্রী রেহেনা বাদী হয়ে থানায় মামলা করেছেন।