চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার সকালে বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক, জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৬ সালের ১আগস্ট জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকা থেকে ৩০টি ককটেল, ৩০টি বাঁশের লাঠি ও পাঁচশ' গ্রাম গান পাউডারসহ ২১জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় ২আগস্ট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
নজরুল ইসলামের আইনজীবী রেজাউল করিম জানান, মামলার তদন্ত শেষে মেয়র নজরুলসহ ২৩জনের নাম উল্লেখ করে আরও ৭/৮জনের বিরুদ্ধে গত ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে রবিবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ইত্তেফাক/জামান