গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে রবিবার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়কালে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, এএসআই আলী আকবর ও কনস্টেবল আব্দুস সোবাহান আহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৮), কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার সুন্দর আলীর ছেলে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটানের গোয়েন্দা পুলিশের দল রবিবার রাত আড়াইটার দিকে কাশিমপুর থানাধীন ভবানীপুর-চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেওয়া জাহাঙ্গীরসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও প্রায় ১০ কেজি গাঁজা এবং নিহতের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।