সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করেছেন।
এই সময় তাদের সঙ্গে সৌদি আরবের অতিথিবৃন্দ এবং বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তাগণ ছিলেন। বিআইডব্লিউটিসি'র বিশেষ জাহাজ 'মধুমতী' করে তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এই সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে তিন ঘণ্টাব্যাপী নৌ ভ্রমণের সময় বিদেশি অতিথিদের সম্মানে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা হামদ-নাত পরিবেশন করেন।
IMG0
পদ্মাসেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'বিদেশি সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মতো এতো বড় প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছেন, এই জন্য শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য।'
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. জ্ঞান রঞ্জন শীল প্রমুখ।