ঢাকায় শুরু হচ্ছে ‘ওয়াও ফেস্টিভ্যাল’

ঢাকায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘ওয়াও ঢাকা ২০১৯ ফেস্টিভ্যাল’। এ ফেস্টিভ্যালের অংশীদারিত্ব করছে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যভিত্তিক ওয়াও ফাউন্ডেশন। একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ ফেস্টিভ্যাল চলবে ৫ ও ৬ এপ্রিল।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, মঙ্গলদীপের প্রতিষ্ঠাতা সারা যাকের এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাশাফি হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেস্টিভ্যালে নারী ও কিশোরীদের সফলতা ও অর্জনগুলো উদযাপন করা হবে এবং পাশাপাশি বিশ্বজুড়ে তারা যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় তার ওপর আলোকপাত করা হবে। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে উত্সাহ ও সহযোগিতা দেওয়া।

ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন বলেন, দক্ষিণ এশিয়ায় আর্টস প্রোগ্রাম পোর্টফোলিওর অধীনে নারী ও কিশোরীদের ক্ষমতায়নে আমাদের কাজের অগ্রগতির ক্ষেত্রে ওয়াও ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা ফেস্টিভ্যাল নয় বরং একটা আন্দোলন। ওয়াও গ্লোবাল প্রেক্ষাপট থেকে আমরা যা পেয়েছি সেগুলো আমরা বাংলাদেশে দেখাতে চাই। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন’ নিশ্চিতে সহায়তা করা এবং নারীদের সফলতা উদযাপন করা। একইসঙ্গে এখনকার নারীরা কি ধরনের সমস্যার মুখোমুখি হন সেটিও আমরা তুলে ধরতে চাই।

ফেস্টিভ্যালে ৯ জন কিউরেটরের একজন সারা যাকের বলেন, আমরা বিভিন্ন খাতের প্রথিতযশা মানুষদের এ ফেস্টিভ্যালে নিয়ে আসছি। আমরা খুব সচেতন এবং সতর্কভাবে তাদের নির্বাচন করেছি। এছাড়া কিউরেটর হিসেবে আমি এ আয়োজনে অনূর্ধ্ব ১০ বছর বয়সের শিশুদের নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করবো। যেখানে তাদের নারীবাদ বিষয়ে বোঝানো হবে। এ আয়োজনে আমরা পুরুষদেরও সম্পৃক্ত করতে চাই।

এ ফেস্টিভ্যালে নারী উদ্যোক্তাদের কাজের প্রদর্শনী, তাদের পণ্য বিক্রির জন্য নির্বাচিত স্টল, জেন্ডার বিষয় নিয়ে তথ্য, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, পারফর্মিং আর্টস এবং পূর্ণাঙ্গ থিয়েটার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের মানবসম্পদ বিভাগের আয়োজনে একটি ক্যারিয়ার সেশন থাকবে। এখানে আসা দর্শনার্থীরা বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত নারীদের সঙ্গে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পাবেন। সবার জন্য এ ফেস্টিভ্যাল উন্মুক্ত থাকবে। তবে তার আগে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।