চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম রনিকে ১৪ দিন আগে অপহরণ করা হয়েছিল। তাকে ঢাকার বিমানবন্দর রেল ষ্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে রবিবার রাতে। চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
মহিউদ্দিন বলেন, ঢাকার বিমান বন্দর রেল ষ্টেশন এলাকা থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তি রনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খোঁজ নিয়ে ওই ব্যক্তি রনির পরিবারকে জানানোর পর, রনির বড় ভাই আনোয়ার হোসাইন বিষয়টি আমাকে জানিয়েছে।
রনির বড় ভাইয়ের ভাষ্য মতে, শনিবার বিকেলের দিকে অপরিচিত একজন লোক ফোন করে বলে রনি ঢাকার একটি হাসপাতালে আছে। পরে তারা হাসপাতালে গিয়ে রনিকে খুঁজে পায়।
তিনি আরো জানান, আকাশ নামে এক লোক রনিকে বিমানবন্দরে রেল ষ্টেশন এলাকা থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করে তার বড় ভাইকে খবর দেন।
উল্লেখ্য, রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ শিক্ষার্থী। গত ২৫ মার্চ চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে একদল যুবক রনিকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় রনির এক আত্মীয় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ দুজনকে আটকও করে।
ইত্তেফাক/নূহু