বৈশাখ মঞ্চে ‘চম্পাবতী’

 
বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১ বৈশাখ মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘চম্পাবতী’। নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত এই নাটকটির একইদিনে দুটি প্রদর্শনী হবে।
 
এদিন ভোলাইন কলেজের আয়োজনে সকাল ১১টায় ভোলাইন কলেজ অডিটোরিয়াম ও লাকসাম নাট্যজংশনের আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাকসাম পৌর অডিটোরিয়ামে ‘চম্পাবতী’ নাটকটি মঞ্চস্থ হবে।
 
নাটকটি প্রসঙ্গে নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী বলেন, গৌড়ের এক সুন্দর অঞ্চল চন্দ্রদ্বীপে ছিলেন ৩ জন জমিদার। তারা হলেন জমিদার প্রিয়নাথ, রামচন্দ্র রায় ও শাহ সিকান্দার। জমিদার প্রিয়নাথ ছিলেন শান্তিপ্রিয় ও সুদর্শন যুবক। তিনি রামচন্দ্র রায়ের কন্যা চম্পাবতীকে বিয়ে করতে চান।
 
অপরদিকে, রামচন্দ্র রায় ও শাহ সিকান্দার পরস্পরকে শত্রু মনে করতেন। এই দুই পরিবারেরই সদস্য গাজী ও চম্পাবতী ধর্মের বিভেদ ভুলে একে অপরকে ভালোবাসে। এই হিন্দু-মুসলমান প্রেমকাহিনি নিয়েই রচিত হয়েছে ‘চম্পাবতী’ নাটকটি।’
 
জিএমএস রুবেলের পরিচালনায় নাটকটির মঞ্চ, আলো ও শব্দ পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য ও সমন্বয়ক হিসেবে রয়েছেন মুজাহিদুল আমিন সোহেল। এতে অভিনয় করেছেন মোজাম্মেল হোসেন পেয়ার, আবদুল আলী, মুজাহিদুল আমিন সোহেল, নাজমা ইসলাম, রুবেল, রাশেদুল আনোয়ার, আরিফুর রহমান, ফখরুল ইসলাম, তাইমুন আহমেদ, তৃষা দেবনাথ, হূদয় চন্দ্র দাস, তানভীর হাসান, কামরুল হাসান, নুশরাত জাহান ঝুমুর, শামিন সরাফত নিহাল, অমিনুল ইসলাম, শাহজালাল ইমরান, আবু হানিফ মজুমদার প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর