সিরাজগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

 
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের পাশে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- রিনা রাণী (২৮) এবং তুলি (৫)। এই ঘটনায় রিনার স্বামী শংকর কুমার পাল গুরুতর আহত হন। তাকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। 
 
তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। শংকর কুমার নাটোর জেলার সিংড়া উপজেলার নানোর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে শাহজাদপুরে যাচ্ছিলেন। 
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ইয়াসমিন জানান, ঘটনার সময় শংকর পাল তার স্ত্রী রিনা ও মেয়ে তুলিকে নিয়ে মোটরসাইকেলে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার