মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ নারী আনসারের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে গতকাল সোমবার নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রিতা আক্তার (৪৪)। সকালে সোনারগাঁওয়ের চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতার লাশ ভেসে উঠে। নিহত রিতা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আব্দুল হালিমের মেয়ে। সে সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন গ্রামে বসবাস করতো। ওই ট্রলার ডুবির ঘটনায় চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ হন। রিতার লাশ পাওয়া গেলেও বাকি দুজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। গত রবিবার সন্ধ্যায় উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়।

চরকিশোরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। অনেকেই পুলিশকে জানিয়েছে, তাদের স্বজনরাও ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলার ডুবির ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ এখনও দু’জন নিখোঁজ রয়েছেন । নিখোঁজ ২ জনকে উদ্ধারে কাজ চলছে।