শিল্পকলায় আজ ‘দি জুবলী হোটেল’ ও ‘ঊর্ণাজাল’

 
পদাতিক নাট্য সংসদের আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী  "সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে এই নাট্যোৎসব।
 
 
সোমবার সন্ধ্যায় উৎসবের ৬ষ্ঠ দিনে জাতীয় নাট্যশালার মূল হলে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘দি জুবলী হোটেল’ ও এক্সপেরিমেন্টাল হলে বাতিঘর মঞ্চস্থ করবে ‘ঊর্ণাজাল’।
 
‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’ শ্লোগান নিয়ে গত বুধবার সন্ধ্যায় শুরু হয় উৎসব। নাট্যোৎসবের উদ্বোধন করেন রামেন্দু মজুমদার, কেরামত মওলা, মামুনুর রশীদ, ইনামুল হক ও ম. হামিদ।
 
দলটির আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিনকে সামনে রেখে ২০১০ সাল থেকে তার স্মৃতির উদ্দেশ্যে নাট্যোৎসবের আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ।
 
এবারের উৎসবে ঢাকার আটটি, ঢাকার বাইরের একটি ও ভারতের একটি নাট্যদল অংশগ্রহণ করছে। এরমধ্যে রয়েছে পদাতিক নাট্য সংসদ, আরণ্যক, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্যাঙ্গন, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, ময়মনসিংহের অন্বেষা থিয়েটার ও ভারতের কার্টেন কল।
 
ইত্তেফাক/আনিসুর