আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতফেলিকা পদত্যাগ করছেন। পদত্যাগের আল্টিমেটাম শেষ হওয়ার আগেই বুতফেলিকা পদত্যাগ করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপিএস। গতকাল এক প্রতিবেদনে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি এই তথ্য জানায়। যদিও পদত্যাগের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এপিএস জানায়, ৮২ বছর বয়সী এবং দুর্বল স্বাস্থ্যের অধিকারী প্রেসিডেন্ট বুতফেলিকা পদত্যাগের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান আবেদলকাদের বেনসালাহ অন্তর্বতীকালীন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ৯০ দিনের মধ্যে তিনি নির্বাচনের আয়োজন করবেন। গত এক মাসের বেশি সময় ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। ২৮ এপ্রিলের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। -রয়টার্স