মঠবাড়িয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে ডুবে  নাজমুল হোসেন (১১) ও নাইম হোসেন (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 
 
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া হাসানিয়া হেফজুল নূরাণী ক্যাডেট মাদ্রাসার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা ওই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে নাজেরা শাখায় লেখাপড়া করছিল। নাজমুল ও নাইম জামালপুর জেলার সরিষাবাড়ির বৈদ্যুতিক মিস্ত্রী মো. ফিরোজ হোসেনের ছেলে। তারা নানা বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।  
 
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত দেড়মাস আগে নাজমুল ও নাইমের মা নাজমা বেগম দুরারোগ্য ব্যাধিতে মারা যান। পরে তাদের নানা মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মো. ইসমাইল দর্জি দুই নাতিকে নিজ বাড়ির কাছে তাফালবাড়িয়া হাসানিয়া হেফজুল নূরাণী ক্যাডেট মাদ্রাসায় নাজেরা শাখায় ভর্তি করেন।  
 
 
 
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস দাবি করেন, সকাল ১০টায় মাদ্রাসা ছুটির পর আবাসিক সকল ছাত্র ঘুমিয়ে ছিল। এ সময় দুই ভাই নাজমুল ও নাইম মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পুকুরে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গোসল করতে যান। এ সময় তিনি ঘাটের ওপর দুই শিক্ষার্থীর জামা কাপড় পড়ে থাকতে দেখে দ্রুত পুকুর ঘাটের কাছে পানির তলদেশে শিশু দুটির লাশ উদ্ধার করেন। 
 
মঠবাড়িয়া  থানা সেকেন্ড অফিসার নকীব আকরাম বলেন, পুলিশকে অবহিত না করে মাদ্রাসা শিক্ষক ও পরিবারের স্বজনেরা শিশু দুটির লাশ  নানা বাড়িতে নিয়ে গেছে।   
 
ইত্তেফাক/ইউবি