পিরোজপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে মানুষ

সোমবার থেকে ঢাকার সঙ্গে পিরোজপুরের সরাসরি যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে।ফলে ঢাকা থেকে পিরোজপুর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
 
পিরোজপুরের সরকার দলীয় সাবেক এক ছাত্রনেতার সঙ্গে চারদিন আগে সেবা গ্রীন লাইন পরিবহনের ড্রাইভার ও হেলপারের সৃষ্ট অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে ঢাকা-পিরোজপুর রুটের কোন যাত্রীবাহী কোচ উভয় প্রান্ত থেকে ছেড়ে যায়নি। তবে পিরোজপুর থেকে ঢাকাগামী পর্যটক পরিবহনের একটি বাস ছেড়ে যাওয়ার পর গোপালগঞ্জে আটকে দেয় সেখানকার পরিবহন শ্রমিকরা যাত্রীদের নামিয়ে দিয়ে ড্রাইভার ও স্টাফদের মারধর করে এবং এ পথে পিরোজপুরের কোন যাত্রীবাহী বাস গেলে তা ভাঙচুর ও হামলার হুমকি দেয়া হয় বলে পিরোজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান।
 
তিনি বলেন, গোপালগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মিসকাত হুমকি দিয়েছেন-  গোপালগঞ্জে পিরোজপুরের কোন যাত্রী পেলে তাদের ওপরও হামলা করা হবে।
 
প্রসঙ্গত, বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানীসহ জেলা শহর থেকে গোপালগঞ্জ হয়ে প্রতিদিন শতাধিক যাত্রীবাহী বাস ঢাকায় চলাচল করে।
 
ইত্তেফাক/ইউবি