কক্সবাজারে তিন শিশুকন্যা হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

জেলার চকরিয়া উপজেলায় তিন শিশু কন্যাকে হত্যার দায়ে আজ সোমবার পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গণি (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা। 
 
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫মে ভোরে আসামি আবদুল গণি তার তিন শিশু কন্যা আয়েশা ছিদ্দিকা (১০), শিউলি জান্নাত (৮) ও দেড় বছরের তাহুরা জান্নাতকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। 
 
ঘটনার ৩ দিন পর পুলিশ চট্টগ্রাম থেকে আবদুল গণিকে গ্রেফতার করে। আলামত বিশ্লেষণ ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।