গাজীপুরের কালীগঞ্জে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
এদিকে নিহত ওই গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে শাশুড়ি জয়গননেছা (৫০)। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুমা শারমিন।
নিহত রিতু বেগম উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কলুন গ্রামের মৃত আব্দুল কাইয়ূমের মেয়ে এবং বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের দিনমজুর মোবারক হোসেনের স্ত্রী।
নিহতের চাচা হেমায়েত ও রাশেদ জানান, ১০ বছর পূর্বে উপজেলার বেরুয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোবারকের সঙ্গে রিতুর বিয়ে হয়। তাদের ঘরে রিফাত নামের আট বছরের একটি ছেলে ও মাহিয়া নামের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরে রিতু জানতে পারে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক রয়েছে।
রিতুর ভাই নাজমুল জানান, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে মোবারক শক্ত কাঠ দিয়ে রিতুর মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিতুর শাশুড়ি স্থানীয়দের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রিতুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে মামলা হবে।
ইত্তেফাক/ইউবি