আলমডাঙ্গায় ট্রেনে কেটে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

আলমডাঙ্গায় ট্রেনে কেটে মর্মান্তিক মৃত্যু ঘটেছে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের। আজ ১০ এপ্রিল বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনে এ দুঃখজনক দুর্ঘটনা ঘটে। এ সময় তার বাম পা কেটে বিচ্ছিন্ন হয়। ডান পাও ক্ষতবিক্ষত হয়।

সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়ে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনাগামী নক্সিকাথা এক্সপ্রেস ট্রেন বিকেল সাড়ে ৫ টায় আলমডাঙ্গা রেলস্টেশনে পৌঁছে। সে সময় আলমডাঙ্গা স্টেশনপাড়ার মৃত এলাম মণ্ডলের ছেলে বয়ঃবৃদ্ধ আব্দুল গণি (৭০) রেললাইন পার হচ্ছিলেন। রেলস্টেশনে যাত্রা বিরতে শেষে ট্রেনটি আবার চলতে শুরু করলে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের উপর পড়ে যান। রেলের চাকায় তার বাম পা হাঁটুর উপর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পাও ক্ষত-বিক্ষত হয়।

আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

ইত্তেফাক/নূহু