এইচএসসি ও সমমানের বাংলা (আবশ্যিক) ১ম পত্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের আওতাভুক্ত তিনটি কেন্দ্রে ২০১৯ সালের বদলে ২০১৬ সালের প্রশ্ন বিতরণ করা হয়। এ কারণে এই তিন কেন্দ্র সচিবকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে ।
রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি কলেজ ও মাদারীপুরের শাজাহানপুর সরকারি কলেজ কেন্দ্রে ২০১৬ সালের এইচএসসির প্রশ্ন বিতরণ করা হয়েছে। ভুল প্রশ্নে এ তিন কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেছেন, এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে ২০১৬ সালের প্রশ্ন বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পাওয়া গেলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের খাতা বর্তমানে শিক্ষা বোর্ডে সংরক্ষণ করা হয়েছে ।
এদিকে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।