ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাঈদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুল ওই গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিল। এ সময় নৌকা প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাঁদের উপর হামলা করে। হামলায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক সাঈদুলকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।