শিক্ষক পেটানোর ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে তাড়াশ লিডো জুনিয়র স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা শিক্ষকের ওপর হামলার বিচার দাবি করে।
লিডো জুনিয়র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার শিক্ষক হৃদয় তৃতীয় শ্রেণির ছাত্র আবির হোসেনকে শ্রেণিকক্ষে দুষ্টুমির দায়ে কানে ধরে। এ কথা আবিরের পিতা কালাম হোসেন জানতে পেরে শিক্ষককে ক্লাসরুম থেকে টেনে বের করে স্কুলের বারান্দায় পেটায়। এ সময় স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল বের করে লিডো জুনিয়র স্কুলের সভাপতি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানকে অবগত করলে অভিযুক্ত কালামকে তাড়াশ থানা পুলিশ আটক করে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবিরের পিতা কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।