খুলনায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

খুলনায় দ্রুতগামী মাহিন্দ্রার চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক রিকশা চালক (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর কেডিএ নিউ মার্কেট সংলগ্ন লোয়ার যশোর রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মাহিন্দ্রা এবং চালককে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে লোয়ার যশোর রোডস্থ মেট্রোপলিটন পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় রিকশার চালক সড়কের ওপর ছিটকে পড়েন। এ মুহূর্তে দ্রুতগামী একটি মাহিন্দ্রা (খুলনা মেট্টো-১১-০৫২১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার এসআই কমল পাল বলেন, ঘটনার পর পরই মাহিন্দ্রা এবং চালক মো. মজিবর খোন্দকারকে (৬০) আটক করা হয়েছে। তবে নিহত রিকশা চালকের পরিচয় জানা যায়নি। পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।