মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে একটি মামলায় অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২১ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে।
মঙ্গলবার দুপুরে পাবনার আদালত-১ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে মাওলানা আব্দুস সুবহানকে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের একশ'৮২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামী করে ৩১ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২এপ্রিল পাবনা সদর থানায় মামলা করেন।তদন্ত শেষে একই বছরের ১৮ সেপ্টেম্বর ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু এ বিষয়ে ইত্তেফাককে জানান, ওই ঘটনার ৯ বছর পর বাদী মামলা করেন। মাওলানা সুবহানের বিরুদ্ধে অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি।