লক্ষ্মীপুরে গৃহবধূ গণধর্ষণ মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০হাজার টাকা করে অর্থদণ্ডও করেছে।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির উদ্দিন (২৮), হাসেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)। এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। এতে গৃহবধূ নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। পুলিশ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। লক্ষ্মীপুর জজকোর্টের বিশেষ পিপি এডভোকেট আবুল বাশার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।